‘বিদেশে বসে উসকানির চেষ্টা, দেশে তৎপরতার সামর্থ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৫ আগস্টকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা নিয়ে আলোচনার মধ্যেই কড়া মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, দলটির দেশে কোনো কার্যক্রম চালানোর সক্ষমতা নেই এবং তারা বিদেশ থেকে শুধু উঁকিঝুঁকি দিচ্ছে।

PostImage

‘বিদেশে বসে উসকানির চেষ্টা, দেশে তৎপরতার সামর্থ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে কড়া মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, দলটি বর্তমানে দেশের ভেতরে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা রাখে না। বরং বিদেশে অবস্থান করে মাঝেমধ্যে রাজনৈতিক বার্তা ও বক্তব্যের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।”

আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিশেষ কোনো উদ্বেগ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ উপলক্ষে পুলিশ প্রশাসনকে অতিরিক্ত বা বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়মিত দায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় দায়িত্ব পালন করবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা মোকাবিলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীর কয়েকটি এলাকায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ের আদালত তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ জামিন দিয়েছেন। তার জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ও আওয়ামী লীগকে নিয়ে একই ধরনের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ এবং দলটির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আগের অবস্থানে ফিরে আসতে পারবে না।