সরকার ও সংগঠন—দুই দায়িত্বেই সমান সক্রিয় আমিনুল হক

একসময়ের জাতীয় ফুটবল দলের অধিনায়ক, বর্তমানে সরকারের প্রতিমন্ত্রী এবং বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা—এই তিন পরিচয় নিয়ে রাজনীতিতে সক্রিয় আমিনুল হক। তার সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌথ সভায় সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।

PostImage

সরকার ও সংগঠন—দুই দায়িত্বেই সমান সক্রিয় আমিনুল হক


দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে প্রচলিত শক্তি প্রদর্শন, প্রভাব বিস্তার এবং উশৃঙ্খল আচরণের নেতিবাচক ধারণার বিপরীতে ভিন্নধর্মী নেতৃত্বের একটি উদাহরণ হিসেবে উঠে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক। সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসা এই রাজনীতিককে বিএনপির নেতাকর্মীরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতীক হিসেবে দেখছেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন মো. আমিনুল হক। সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা, রাজনৈতিক কর্মসূচির বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দলীয় নেতাদের মতে, বর্তমান সময়ে আমিনুল হক কেবল একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন; বরং তিনি একইসঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক নেতৃত্বও সফলভাবে পরিচালনা করছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় উপস্থিতি তাকে অন্যান্য অনেক রাজনৈতিক নেতার থেকে আলাদা করেছে বলে তারা মনে করেন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এমন একটি ধারণা তৈরি হয়েছিল যে নেতৃত্বের জন্য অর্থবল, প্রভাববল কিংবা পেশিশক্তিই প্রধান যোগ্যতা। কিন্তু আমিনুল হকের রাজনৈতিক উত্থান সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। একজন শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি যে রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন এবং সফলভাবে সংগঠন পরিচালনা করতে পারেন, তার বাস্তব উদাহরণ হিসেবে তারা তাকে দেখছেন।

তাদের মতে, বিএনপি সাম্প্রতিক সময়ে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার কথা বলছে, যেখানে শিক্ষিত, দক্ষ, সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত ব্যক্তিদের নেতৃত্বে আনা হচ্ছে, আমিনুল হক তার অন্যতম প্রতীক।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক  ভিপি উচ্ছল বলেন, “আমিনুল হকের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজ অনেক বেশি সুসংগঠিত। তিনি নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং রাজনৈতিক সৌজন্যবোধ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক আচরণে শালীনতা বজায় রাখার যে সংস্কৃতি তিনি তুলে ধরছেন, তা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


তিনি বলেন, “দলীয় নেতাকর্মীদের কাছে তিনি শুধু নেতা নন, একজন অভিভাবকের মতো। তার নেতৃত্বে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হয়েছে এবং তরুণদের মধ্যে রাজনীতির প্রতি ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক  মির্জা আসলাম আলী বলেন, “আমিনুল হক শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন সংগঠক। খেলোয়াড় জীবনে যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি রাজনৈতিক জীবনেও তিনি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলীয় ঐক্যের একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। সরকারি দায়িত্ব এবং দলীয় সাংগঠনিক দায়িত্ব একইসঙ্গে দক্ষতার সঙ্গে পরিচালনা করা সহজ কাজ নয়। তিনি সেই সক্ষমতার পরিচয় দিয়েছেন।”


তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের সামনে একটি ইতিবাচক মডেল তুলে ধরার প্রয়োজন ছিল। আমিনুল হক সেই মডেলের অন্যতম প্রতিনিধি। তার রাজনৈতিক যাত্রা প্রমাণ করে যে সৎ, শিক্ষিত এবং মার্জিত মানুষও জনগণের আস্থা অর্জন করে নেতৃত্বের শীর্ষে পৌঁছাতে পারেন।”

ঢাকা মহানগরীর বিএনপি দীর্ঘ সময়ের বিএনপির বিট কাভার করা সাংবাদিক জাকির হোসেনের বক্তব্য: 

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা চাকির হোসেন বলেন, “আমিনুল হকের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি। সাধারণ মানুষ তার মধ্যে একজন ভদ্র, নম্র ও গ্রহণযোগ্য নেতাকে দেখতে পায়। তিনি নেতাকর্মীদেরও একই ধরনের রাজনৈতিক আচরণে উৎসাহিত করেন।”



তিনি আরও বলেন, “রাজনীতিকে সংঘাত ও বিশৃঙ্খলার ক্ষেত্র হিসেবে নয়, বরং জনসেবা ও নেতৃত্বের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা তিনি করছেন, সেটি জনগণের মধ্যে ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি একটি অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।”

খেলাধুলা থেকে রাজনীতি: নেতৃত্বের ধারাবাহিকতা:

একসময়ের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দেওয়া আমিনুল হক দীর্ঘদিন ধরেই শৃঙ্খলা, দলগত সমন্বয় এবং নেতৃত্বগুণের জন্য পরিচিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খেলাধুলা থেকে অর্জিত সেই অভিজ্ঞতাই তিনি দল পরিচালনায় কাজে লাগাচ্ছেন।

দলীয় নেতাদের ভাষ্য, আন্দোলন-সংগ্রামের সময়ও তিনি নেতাকর্মীদের সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময় দলীয় ঐক্য ধরে রাখা এবং সাংগঠনিক শক্তি অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য।

নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা: বিএনপির নেতাকর্মীদের মতে, আমিনুল হকের নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—রাজনীতি কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি নেতৃত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা, সততা ও জনকল্যাণের প্রতিশ্রুতির বিষয়। একজন সাবেক ক্রীড়াবিদ থেকে সফল সংগঠক ও সরকারি দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে তার পথচলা প্রমাণ করে যে শিক্ষিত, দক্ষ এবং মার্জিত ব্যক্তিরাও রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজে কার্যকর অবদান রাখতে পারেন।

তাদের দাবি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের যে বার্তা আজ উচ্চারিত হচ্ছে, তার অন্যতম মুখ হয়ে উঠেছেন মো. আমিনুল হক। তার নেতৃত্বে বিএনপি একটি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও জনমুখী রাজনৈতিক ধারার প্রতিচ্ছবি তুলে ধরছে বলেও তারা মনে করেন।