ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী মেরিন ওয়ান হেলিকপ্টার সম্প্রতি ওয়াশিংটনের আকাশে একটি যাত্রীবাহী বিমানের অত্যন্ত কাছাকাছি চলে আসায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB)। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এ ঘটনায় প্রেসিডেন্টের নিরাপত্তা কখনোই ঝুঁকির মুখে পড়েনি।

PostImage

ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী সরকারি হেলিকপ্টার মেরিন ওয়ান এবং একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের মধ্যে বিপজ্জনকভাবে দূরত্ব কমে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনের আকাশসীমায় এ ঘটনা ঘটে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগে অস্পষ্টতার কারণে মেরিন ওয়ান একটি যাত্রীবাহী বিমানের এক মাইলেরও কম দূরত্বে চলে আসে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) নিশ্চিত করেছে, ৪ আগস্ট ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট (DCA) থেকে ছেড়ে যাওয়া একটি বাণিজ্যিক বিমান এবং প্রেসিডেন্টের হেলিকপ্টারের মধ্যে নিরাপদ দূরত্ব কমে যাওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই বলেন, বিশ্বের অন্যতম দক্ষ পাইলটরা মেরিন ওয়ান পরিচালনা করেন এবং পুরো সময় প্রেসিডেন্ট নিরাপদ ছিলেন। এ ঘটনায় তার নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হয়নি।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, ঘটনাকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলার উভয় উড়োজাহাজের পাইলটের সঙ্গেই যোগাযোগ রাখছিলেন। বিষয়টি পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এমন পরিস্থিতিতে সাধারণত অনুভূমিকভাবে অন্তত ১.৫ মাইল এবং উল্লম্বভাবে ৫০০ ফুট নিরাপদ দূরত্ব বজায় রাখার নিয়ম রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। সে সময় আমেরিকান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান এনভয় এয়ার পরিচালিত একটি এমব্রেয়ার ই-১৭০ বিমান ওয়াশিংটন থেকে উড্ডয়ন করছিল।

অন্যদিকে মেরিন ওয়ান অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে যাচ্ছিল, যেখানে ট্রাম্প ক্যালিফোর্নিয়াগামী নির্ধারিত বিমানে ওঠার কথা ছিল।

ঘটনার বিষয়ে আমেরিকান এয়ারলাইন্স কিংবা মার্কিন মেরিন কোর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াশিংটনের আকাশে একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হওয়ার পর রাজধানীর আকাশপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল।