নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড
ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ১২ দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। রাজধানী রাঁচিতে আন্দোলন ক্রমেই বড় আকার ধারণ করেছে। স্বচ্ছ তদন্ত, সিবিআই তদন্তের দাবি এবং প্রকাশ্যে সরকারের সঙ্গে আলোচনার দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। এদিকে, শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড
ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই হাজারো চাকরিপ্রার্থী ফলাফল ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৫ জুলাই ফল প্রকাশের পর শুরু হওয়া আন্দোলন এখন টানা ১২ দিনে গড়িয়েছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তারা পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত, দায়ীদের শাস্তি এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
ক্রমবর্ধমান চাপের মুখে হেমন্ত সোরেন সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেয়। এ জন্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেন।
তবে শিক্ষার্থীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছেন, গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতে প্রকাশ্য আলোচনাই তারা চান। তাদের মতে, পুরো প্রক্রিয়া স্বচ্ছ না হলে কোনো সমাধান গ্রহণযোগ্য হবে না।
এদিকে রাজ্য সরকার জানিয়েছে, সিআইডি ইতোমধ্যে অভিযোগ তদন্ত করছে। পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের হিসাবরক্ষক রক্ষক সিংকে লখনউ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ডিজিটাল রেকর্ড, আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে আন্দোলনে প্রকাশ্যে সমর্থন দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে জনগণের চাপ সৃষ্টিকারী আন্দোলন প্রয়োজন। তিনি জানান, সিজেপির সদস্যরাও ঝাড়খণ্ডে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।