শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম ঠেকাতে ভারতের সহায়তা চাইল ঢাকা
বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন, এ বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপিত হয়।
শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম ঠেকাতে ভারতের সহায়তা চাইল ঢাকা
বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার সম্ভাব্য প্রকাশ্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ব্যক্তি বা সংগঠন যেন বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে নয়াদিল্লির সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের পারস্পরিক আস্থা ও ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়।
জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ নিয়মিত সংলাপ, পারস্পরিক আস্থা এবং গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সব ধরনের দ্বিপাক্ষিক ইস্যুর দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করা হয়।