সিঙ্গাপুরে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করায় ব্যান্ড ‘ম্যাসিভ অ্যাটাক’-এর ওপর নিষেধাজ্ঞা

ব্রিটিশ ট্রিপ-হপ ব্যান্ড ম্যাসিভ অ্যাটাক-কে সিঙ্গাপুরে ভবিষ্যতে আর কোনো অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে না। কারণ, তদন্তে দেখা গেছে যে ব্যান্ডটির দুই সদস্য একটি কনসার্টে মঞ্চে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছিলেন, যা দেশটির বিদেশি জাতীয় প্রতীক প্রদর্শনবিষয়ক আইনের লঙ্ঘন

PostImage

সিঙ্গাপুরে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করায় ব্যান্ড ‘ম্যাসিভ অ্যাটাক’-এর ওপর নিষেধাজ্ঞা


ব্রিটিশ ট্রিপ-হপ ব্যান্ড ম্যাসিভ অ্যাটাক-কে সিঙ্গাপুরে ভবিষ্যতে আর কোনো অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে না। কারণ, তদন্তে দেখা গেছে যে ব্যান্ডটির দুই সদস্য একটি কনসার্টে মঞ্চে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছিলেন, যা দেশটির বিদেশি জাতীয় প্রতীক প্রদর্শনবিষয়ক আইনের লঙ্ঘন।

কঠোর জনসমাবেশ ও মতপ্রকাশসংক্রান্ত আইনের জন্য পরিচিত সিঙ্গাপুরে সরকারি অনুমতি ছাড়া কোনো বিদেশি দেশের পতাকা, জাতীয় প্রতীক বা ব্যানার প্রকাশ্যে প্রদর্শন নিষিদ্ধ।

পুলিশ শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, পতাকা প্রদর্শনকারী দুই সদস্যকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তাদের সিঙ্গাপুরে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

কনসার্টের আয়োজক সংস্থা এএফপির মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি এবং ব্যান্ডটিও এ বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে ব্যান্ডের দুই সদস্য মঞ্চে ফিলিস্তিনি পতাকা উন্মোচন করলে দর্শকরা জোরালো করতালির মাধ্যমে তা স্বাগত জানান।

তদন্ত শেষ করে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে পরামর্শের পর পুলিশ জানায়, দুই সদস্যকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের সিঙ্গাপুরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কনসার্টের লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়েছে কি না, তাও তদন্ত করছে।

পুলিশের ভাষ্য, আয়োজক প্রতিষ্ঠান আগে থেকেই লাইসেন্সের শর্ত সম্পর্কে অবগত ছিল। তবুও অনুষ্ঠানের সময় দুই সদস্য মঞ্চে একটি বিদেশি পতাকা প্রদর্শন করেন এবং তাদের একজন "ফ্রি প্যালেস্টাইন" স্লোগান দেন।

পুলিশ আরও জানায়, প্রবেশ নিষেধাজ্ঞার কারণে মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ভবিষ্যতে ম্যাসিভ অ্যাটাকের কোনো পরিবেশনার আবেদনও অনুমোদন করবে না।

ইসরায়েলের গাজায় সামরিক অভিযানের সমালোচনার জন্য পরিচিত ম্যাসিভ অ্যাটাক দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে আসছে।

গত এপ্রিল মাসে ব্যান্ডটির প্রধান সদস্য রবার্ট ডেল নাজা লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে প্যালেস্টাইন অ্যাকশন-এর সমর্থনে অনুষ্ঠিত এক বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ২০০ জনেরও বেশি ব্যক্তির মধ্যে ছিলেন। যুক্তরাজ্য সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় কনসার্ট কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুরে এর আগে টেইলর সুইফট, কোল্ডপ্লে, এড শিরান ও ব্রুনো মার্স-এর মতো আন্তর্জাতিক শিল্পীরা একাধিক কনসার্ট করেছেন।

পুলিশ জনসাধারণ, বিশেষ করে বিদেশিদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছে, "বিদেশি রাজনৈতিক ইস্যু সিঙ্গাপুরে নিয়ে আসা থেকে বিরত থাকুন। এতে আমাদের সামাজিক সম্প্রীতি ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হতে পারে।"