মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে সন্দেহজনক ব্যাগ, সাময়িকভাবে বন্ধ সেবা
রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার হওয়ার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছেও আরেকটি সন্দেহজনক বস্তা পাওয়া গেছে। দুটি ঘটনাতেই বোম্ব ডিসপোজাল ইউনিট তদন্ত শুরু করেছে।
মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে সন্দেহজনক ব্যাগ, সাময়িকভাবে বন্ধ সেবা
রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে একটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে মেট্রোরেল কর্তৃপক্ষ প্রথম তলার একটি ব্যাগকে সন্দেহজনক মনে করে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ জানান, দুপুর ১টা ১০ মিনিটে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা শুরু করে।
তিনি বলেন, “বোম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এটি বিস্ফোরক কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।”
এদিকে একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছেও একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা দেখতে পান পথচারীরা। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, ফার্মগেটের ঘটনাতেও বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তার ভেতরে কী রয়েছে, তা নিশ্চিত করা সম্ভব নয়।
পুলিশ জনগণকে আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।