পটুয়াখালীতে সিরীয়-বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী জেলা শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় বংশোদ্ভূত বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

PostImage

পটুয়াখালীতে সিরীয়-বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার


পটুয়াখালী জেলা শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিক ও বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বধারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তাকে খাবার দিতে গেলে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাড়ির মালিক পুলিশে খবর দিলে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে।

পুলিশ কক্ষে ঢুকে দেখতে পায়, মাজেদ আল খতিব খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে শারীরিক পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, তিনি আগেই মারা গেছেন।

বাড়ির মালিক কে এম শাহাদাত খান জানান, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি শান্ত স্বভাবের এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলতেন। মাঝে-মধ্যে তার পরিবারের সদস্যরাও তার সঙ্গে দেখা করতে আসতেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তি সিরিয়ার পাশাপাশি বাংলাদেশেরও নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং তার পরিবার বাংলাদেশেই বসবাস করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং তার ছেলে ইতোমধ্যে পটুয়াখালীতে পৌঁছেছেন।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএসবি নিউজ-এর আরও খবর