সাংহাইয়ে WAIC ২০২৬ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তথ্য মন্ত্রী

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত চার দিনব্যাপী ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (WAIC) ২০২৬-এ অংশগ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। সম্মেলনে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, স্মার্ট গভর্ন্যান্স এবং প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

PostImage

সাংহাইয়ে WAIC ২০২৬ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তথ্য মন্ত্রী


বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উদীয়মান প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (WAIC) ২০২৬-এ অংশ নিচ্ছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম

চীনের সাংহাইয়ে ১৭ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত এই চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিবও বক্তব্য দেন। বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, বৈশ্বিক নীতিমালা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

শুক্রবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, উদ্ভাবক এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম একাধিক উচ্চপর্যায়ের অধিবেশন ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, এআইভিত্তিক উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে অর্জিত অগ্রগতি তুলে ধরবেন।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, উন্নত প্রযুক্তি, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও আলোচনা করবেন।

সরকারের মতে, WAIC ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবননির্ভর এবং ডিজিটালভাবে সক্ষম বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন।

সিএসবি নিউজ-এর আরও খবর