মার্কিন জাতীয় নিরাপত্তা প্রধান তুলসী গাবার্ডের পদত্যাগ
মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর জাতীয় গোয়েন্দা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন Tulsi Gabbard। শুক্রবার তিনি জানান, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল ধরনের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে এই দায়িত্ব ছাড়তে হচ্ছে
মার্কিন জাতীয় নিরাপত্তা প্রধান তুলসী গাবার্ডের পদত্যাগ
মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর জাতীয় গোয়েন্দা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন Tulsi Gabbard। শুক্রবার তিনি জানান, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল ধরনের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে এই দায়িত্ব ছাড়তে হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে গ্যাবার্ড তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তার পদত্যাগ ৩০ জুন থেকে কার্যকর হবে বলে ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছে।
এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত পদত্যাগপত্রে গ্যাবার্ড ট্রাম্পকে উদ্দেশ করে লেখেন, “গত দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ এবং আমার ওপর আপনার আস্থার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, তার স্বামী সম্প্রতি হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং “এত কঠিন লড়াইয়ের সময় আমি বিবেকের দিক থেকে তাকে একা রেখে এই অত্যন্ত ব্যস্ত ও সময়সাপেক্ষ দায়িত্ব পালন করতে পারি না।”
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যারন লুকাস ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন। লুকাস সাবেক সিআইএ কর্মকর্তা ও বিশ্লেষক ছিলেন এবং ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা পরিষদেও কাজ করেছেন।
ট্রাম্প বলেন, গ্যাবার্ড “দারুণ কাজ” করেছেন। তবে স্বামীর অসুস্থতার কারণে “তিনি স্বাভাবিকভাবেই তার পাশে থাকতে চান এবং এই কঠিন লড়াইয়ে তাকে সুস্থ করে তুলতে সহায়তা করতে চান।”
তবে বিষয়টি নিয়ে ভিন্ন তথ্যও সামনে এসেছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানায়, হোয়াইট হাউস আসলে গ্যাবার্ডকে পদত্যাগে বাধ্য করেছে। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল এক্সে বলেন, স্বামীর অসুস্থতার কারণেই গ্যাবার্ড দায়িত্ব ছাড়ছেন।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলার কৌশল নিয়ে তার সঙ্গে গ্যাবার্ডের মতপার্থক্য ছিল। মার্চ মাসে ট্রাম্প বলেছিলেন, ইরান ইস্যুতে গ্যাবার্ড তার তুলনায় “কিছুটা নরম অবস্থানে” ছিলেন।